লন্ডনে হচ্ছে টিকটক প্রধান কার্যালয়

৪ আগষ্ট, ২০২০ ১১:৪৭  
বেইজিং থেকে টিকটক এর প্রধান কার্যালয় লন্ডনে সরিয়ে নিচ্ছে এর নির্মাতা প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি চুক্তিতে যুক্তরাজ্যের মন্ত্রীরা অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রধান সারির দৈনিক দ্য সান। পত্রিকাটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শিগগিরই বাইটড্যান্সের প্রতিষ্ঠাতারা লন্ডনে কার্যালয় চালুর বিষয়ে তাদের ইচ্ছার কথা জানাবেন। তাদের এ ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও ক্ষেপে যেতে পারেন। তবে টিকটকের পক্ষ থেকে এ বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করা হয়নি। এদিকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে বাইটড্যান্সের কাছ থেকে সংক্ষিপ্ত ভিডিও তৈরির অ্যাপটি কিনে নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট করপোরেশন। অপরদিকে টিকটক কিনলে চীন থেকে মাইক্রোসফটের ব্যবসা গুটিয়ে আনা প্রয়োজন বলে মনে করছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। আর মাইক্রোসফট প্রধান নির্বাহী সাত্যিয়া নাদেলাকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, শুধু ৩০ শতাংশের চেয়ে পুরো টিকটককেই মাইক্রোসফট কিনে নিলে ব্যাপারটি আরও ভালো হবে।